অবেলার দীর্ঘশ্বাস
এক ফালি রোদ চেয়েছিলাম তোমার মায়াবী হাসির টানে,
অথচ আমি আজ হারিয়ে গেছি অবেলার কোনো গানে ।
হয়তো ভালোবাসা মানেই নিজের ভেতর পুড়ে হওয়া খাক,
যেখানে হৃদয়ের ডায়েরি জুড়ে কেবল শূন্যতা জমা থাক ।
তুমি বলেছিলে, “আছি পাশে প্রতিটি বিপদে ও সুখে”,
আজ কেন তবে এত নীরবতা তোমার ওই মরা মুখে?
আমি আজও খুঁজে ফিরি সেই চেনা গলার স্বর,
যেখানে ছিল আমার স্বর্গ, আজ সেখানে সবই পর ।
মাঝে মাঝে খুব ইচ্ছে করে সব ভুলে কাছে ডাকি,
কিন্তু মাঝপথে এক অদ্ভুত দূরত্ব দেয় আমায় ফাঁকি ।
তোমার শহরের ব্যস্ত রাস্তায় আমি আজও একলা পথিক,
আমার সবটুকু আবেগ আজও তোমার ঠিকানায় অধিক ।
কখনো কি মনে পড়ে সেই গোধূলি বেলার মিঠে রোদ?
যখন ছিল না কোনো বিচ্ছেদ, ছিল না কোনো প্রতিশোধ ।
আজ কেন তবে মেঘের ভিড়ে আমার আকাশটা এত কালো?
তুমি তো বলেছিলে, তুমি বাসবে আমায় অনেক ভালো ।
স্মৃতির ডানা মেলে আমি আজও তোমার স্বপ্ন খুঁজি,
জানি তুমি ফিরবে না আর, তবুও দুচোখ বুজি ।
ভালোবাসা মানেই তো একতরফা এক দীর্ঘ প্রতীক্ষা,
যেখানে পাওয়ার চেয়ে হারানোর হয় বেশি বড় পরীক্ষা ।
ভালো থেকো তুমি তোমার ওই আগামীর নবীন প্রাতে,
আমি না হয় বেঁচে থাকবো একলা হয়ে, বিষাদমাখা রাতে ।
আমাদের এই অপূর্ণ গল্পটা না হয় এভাবেই শেষ হোক,
ভালোবাসা বেঁচে থাক হৃদয়ে, যদিও তা নীল বিষের শ্লোক ।

